টেস্টে বাংলাদেশ তিন-চারে থাকলে সেটি বড় অর্জন, বললেন লিটন দাস

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পিএম

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি সোমবার চট্টগ্রামে। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টির অধিনায়ক লিটন দাস সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। এ সময় টেস্ট নিয়েও প্রশ্ন ছিল লিটনের কাছে।

এখন পর্যন্ত তিন সংস্করণেই বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন। গত জুনে শ্রীলঙ্কা সিরিজের পর টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। এখনো টেস্টের অধিনায়ক নির্বাচন করা হয়নি। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগেই অধিনায়ক খুঁজে নেবে বিসিবি। তাই টেস্ট অধিনায়কের দৌড়ে আলোচনায় আছে লিটনের নামটাও।

২০২৩-২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের অবস্থান ছিল সাতে। আপাতত এখান থেকে তিন বা চারে পৌঁছানোর কথা ভাবছেন লিটন। তিনি বলেন, 'আমার মনে হয়, বাংলাদেশ অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। এখন যেসব ক্রিকেটার খেলছে তাদের প্রতিদান দেওয়া উচিৎ। আশা করব, তারা দেবে। সাম্প্রতিক অতীত যদি দেখেন, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে সাতে ছিলাম। ভারতের বিপক্ষে যদি আমরা টেস্ট ওভাবে না হারতাম, তাহলে কিন্তু ফল অন্যরকম হতো।'

বাংলাদেশ এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত একটি সিরিজই খেলেছে। শ্রীলঙ্কার মাঠে একটিতে হারলেও ড্র করেছে একটি ম্যাচ। লিটন আরও বলেন, 'বাংলাদেশের জন্য টেস্টে তিন বা চারে থাকা বিশাল অর্জন। সব সময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না। আমাদের ওই জিনিসটা কখনও ছিল না, আমরা তো কখনো ভারত, অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে নিয়মিত হারাতে পারিনি। তারপরও আপনি যদি তিন বা চারে থাকেন, মানে বড় কিছুই করেছেন।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত