এবার হেরেই গেলো বাংলাদেশ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পিএম

কাভা কাপ আন্তর্জাতিক ভলিবলে অবশেষে হারের তেতো স্বাদ পেলো স্বাগতিক বাংলাদেশ। ইঙ্গিত মিলছিল আগের দুই ম্যাচেই। নেপালও শ্রীলঙ্কাকে হারাতেই বেগ পেতে হয়েছিল তাদের। রবিবার চর্তথ ম্যাচে তারা হার মানে তুর্কমেনিস্তানের কাছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ সেটে স্বাগতিকদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মধ্য এশিয়ার দেশটি। বাংলাদেশকে ফাইনালের লক্ষ্য পূরণে সোমবার লড়তে হবে আফগানিস্তানের সঙ্গে।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম সেটে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। তারা এগিয়ে ছিল ২৪-২১ পয়েন্টে। এই অবস্থা থেকে ঘুড়ে দাঁড়িয়ে তুর্কমেনিস্তান প্রথম সেট জিতে নেয় ২৬-২৪ পয়েন্টে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৫-১৭ পয়েন্টে জয় নিশ্চিত করে।

তবে তৃতীয় সেট ২৫-২১ পয়েন্টে জিতে এগিয়ে যায় তুর্কমেনিস্তান। বাংলাদেশ ঘুড়ে দাঁড়ায় চতুর্থ সেট ২৫-২০ পয়েন্টে জিতে। ফলে ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। ম্যাচ নির্ধারণী সেটেও হয়েছে চরম লড়াই। একটা সময় দুই দলের পয়েন্ট ছিল সমান ১৩ করে। সেখান থেকে শেষ হাসি হেসেছে তুর্কমেনিস্তান। ১৬-১৪ তে সেট জিতে টানা চলে যায় ফাইনালে।

আগামীকাল রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে হবে আফগানিস্তানকে। আফগানরা জিতলে তাদেরও থাকবে ফাইনালে চলে যাওয়ার সুযোগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত