রোমানিয়ার রাজধানী বুখারেস্টে উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থোডক্স খ্রিষ্টান গির্জা ‘পিপলস স্যালভেশন ক্যাথেড্রাল’। দীর্ঘ ১৫ বছর ধরে নির্মাণের পর গতকাল রবিবার (২৬ অক্টোবর) এই গির্জার অভ্যন্তরের ধর্মীয় চিত্রগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে হাজারো ধর্মপ্রাণ মানুষ ও অতিথি অংশ নেন।
১২৫ মিটার (প্রায় ৪১০ ফুট) উঁচু এই বিশাল ক্যাথেড্রালে একসঙ্গে প্রায় ৫ হাজার মানুষ প্রার্থনা করতে পারবেন। গির্জার ভেতরজুড়ে ১৭ হাজার ৮০০ বর্গমিটার জায়গায় রঙিন ফ্রেস্কো ও মোজাইক শিল্পে ফুটিয়ে তোলা হয়েছে নানা ধর্মীয় প্রতীক ও সন্তদের চিত্র।
২০১০ সালে শুরু হওয়া এই প্রকল্পের বেদি (আলতার) ২০১৮ সালে পবিত্র ঘোষণা করা হয়। এতদিনে এর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৭ কোটি ইউরো (প্রায় ৩১৩ মিলিয়ন ডলার), যার বেশিরভাগ অর্থ এসেছে সরকারি তহবিল থেকে। যদিও কিছু কাজ এখনো সম্পূর্ণ হয়নি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর দান ও প্রধানমন্ত্রী ইলি বোলোজন। গির্জার বাইরে স্থাপন করা বড় পর্দায় অনেকে অনুষ্ঠানটি দেখেন।
রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের অন্যতম ধর্মপ্রাণ দেশ, যেখানে প্রায় ৮৫ শতাংশ মানুষ নিজেদের ধর্মবিশ্বাসী হিসেবে পরিচয় দেন।
তবে এই বিশাল গির্জা নির্মাণে সরকারি অর্থ ব্যয়ের কারণে দেশজুড়ে সমালোচনাও দেখা দিয়েছে। সমালোচকদের মতে, এই বিপুল অর্থ দিয়ে স্কুল বা হাসপাতাল নির্মাণ করলে তা দেশের মানুষের জন্য আরও উপকারে আসত।
সূত্র: ডয়েচে ভেলে
রূপায়ণ গ্রুপ চেয়ারম্যানের শুভেচ্ছা