হবিগঞ্জের নবীগঞ্জে পারিবারিক কলহের জেরে বাবার বটির আঘাতে মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার কুড়িশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পূর্ণিমা রানী দাশ (২২) ওই এলাকার মতি লাল দাশের মেয়ে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানান, স্বামী পরিত্যক্তা পূর্ণিমা রানী দাশ দীর্ঘদিন ধরে বাবার বাড়ি বসবাস করছিলেন। সম্প্রতি এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্কে জড়িয়ে তিনি ঢাকা পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। এ ঘটনায় স্থানীয়রা পরিবারটিকে নানা কটূ মন্তব্য করতে থাকে। সোমবার দুপুরে প্রতিবেশীদের কথা সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে বাবা মতি লাল দাশ ঘুমন্ত মেয়ের মাথায় বটি দিয়ে আঘাত করেন। এতে পূর্ণিমা গুরুতর জখম হন। পরে মতি লাল দাশ নিজেই স্থানীয় গ্রাম পুলিশকে নিয়ে মেয়েকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পূর্ণিমাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মতি লাল দাশকে আটক করে। আর ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি।
