বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় নির্বাচনে টাকার খেলা বন্ধে নির্বাচন কমিশন ও সরকারকে বিশ্বাসযোগ্য ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। নির্বাচনে সন্ত্রাস, পেশিশক্তি ও প্রশাসনিক কারসাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলা যাবে না। ১৭ বছর ধরে মানুষ উৎসবমুখর একটি নির্বাচনের অপেক্ষা করছে—তাকে কোনোভাবেই ব্যর্থ করা চলবে না।
সাইফুল হক আরও বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারায় সরকার গঠন ও সরকার পরিবর্তনের সুযোগ নিশ্চিত করাটা গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
তিনি বলেন, ভেঙে পড়া নির্বাচনী ব্যবস্থার ওপর জনআস্থা ফিরিয়ে আনাই এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে পেশাদার দক্ষতা ও নিরপেক্ষতা দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।
আজ বিকেলে পার্টির নির্বাচনসংক্রান্ত উপকমিটির সভায় তিনি এসব কথা বলেন। সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পার্টির নির্বাচনী প্রচারণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য সিকদার হারুন মাহমুদ, যুবরান আলী জুয়েল, ফিরোজ আলী, মোহাম্মদ সালাউদ্দিন, বাবর চৌধুরী, জোনায়েদ হোসেন, চুন্নু সিকদার, মাহমুদ উল হাসান খান, মো. আবু হানিফ, গোলাম রাজিব, আরিফুল ইসলাম, আতিকুর রহমান, ওসমান কবির, মাহমুদুল হাসান এবং মোহাম্মদ সৈকত প্রমুখ।
