মার্তিনেজের গাড়ির ধাক্কায় হুইলচেয়ার আরোহীর মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম

ইতালির কোমো প্রদেশে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সেই দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে গেছে ইন্টার মিলানের স্প্যানিশ গোলরক্ষক জোসেফ মার্তিনেজের নাম। তার গাড়ির সঙ্গে সংঘর্ষে ইলেকট্রিক হুইলচেয়ারে থাকা একজন যাত্রী নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

ইতালিয়ান পুলিশের বরাত দিয়ে বিবিসি স্পোর্টস জানিয়েছে, মার্তিনেজ তার নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে হুইলচেয়ারটি পাশের সাইকেল লেন থেকে হঠাৎ গাড়ির সামনে চলে আসে। কোনোভাবেই গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। এ ঘটনায় ইন্টার মিলান ফিওরেন্টিনার বিপক্ষে সিরি-আ ম্যাচপূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘ইন্টার মিলানের গোলরক্ষক হোসেপ মার্তিনেজের চালানো গাড়িটি এক বৈদ্যুতিক হুইলচেয়ারে থাকা ব্যক্তিকে ধাক্কা দেয়, যিনি রাস্তার পাশের সাইকেল লেনে চলছিলেন। মার্তিনেজ সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে আহত ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করেন, তবে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই আহত ব্যক্তি মারা যান।’

২৭ বছর বয়সী হোসেপ মার্তিনেজ ২০২৪ সালে জেনোয়া থেকে ইন্টার মিলানে যোগ দেন। তিনি বর্তমানে দলের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালে একবার স্পেন জাতীয় দলের জার্সিতেও খেলেছেন। এই ঘটনায় ইন্টার মিলানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত