দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে: সালাম পিন্টু

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম

আন্ডারগ্রাউন্ড বাহিনী নামিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টু।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের মহিলা দলের সমাবেশে এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে নির্বাচন যাতে না হয় সেজন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করা হচ্ছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য। আজকে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তিনি। 

সালাম পিন্টু বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফায় ফ্যামিলি কার্ডের বিষয়টি উল্লেখ রয়েছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। আর এ কার্ডটি হবে মায়েদের নামে। যাতে করে তারা সংসারের হাল ধরতে পারেন। সংসারে স্বচ্ছলতা আনতে পারেন। এছাড়াও প্রত্যেকটি পরিবারে একটি করে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। যে কার্ডের মাধ্যমে বিনামূল্যে মিলবে স্বাস্থ্য সেবা।

বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, দীর্ঘদিন ধরে নদী পাড়ের মানুষ ভাঙনের শিকার হচ্ছে। তারা গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। ভাঙন ঠেকাতে স্থায়ী গাইড বাঁধ নির্মাণ করা হবে। যাতে করে মানুষ নির্বিঘ্নে বসবাস করতে পারে। ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। 

উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আব্দুস সালাম পিন্টুর সহধর্মীনী বিলকিস সালাম। বিশেষ বক্তা ছিলেন আব্দুস সালাম পিন্টুর মেয়ে সাফওয়াত বিনতে সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, সহ-সভাপতি ফজলুল হক ভুঁইয়া, নিকরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মণ্ডলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত