হ্যারি কেইনের জোড়া গোলে বায়ার্নের রেকর্ড গড়া জয়

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০২:৪৫ পিএম

ইংলিশ তারকা হ্যারি কেইনের দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপীয় ফুটবলের নতুন ইতিহাস গড়ল বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে কোলনকে ৪-১ গোলে হারিয়ে মৌসুমের টানা ১৪তম জয়ের রেকর্ড গড়ে নিয়েছে জার্মান জায়ান্টরা। এতে তারা ছাড়িয়ে গেছে ১৯৯২-৯৩ মৌসুমে ফাবিও কাপেলোর এসি মিলানের টানা ১৩ জয়ের রেকর্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে যা এতদিন পর্যন্ত সেরা ছিল।

বায়ার্নের হয়ে দুটি গোল করেন অধিনায়ক হ্যারি কেইন। তার প্রথম গোলটি ছিল অসাধারণ। তার অসাধারণ এক বাঁকানো শটের জবাব ছিল না গোলরক্ষকের কাছে। কেইনের দ্বিতীয় গোলটি আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ এক হেড থেকে। এ নিয়ে মৌসুমে ১৪ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ালো ২২। বাকি দুটি গোল করেন লুইস ডিয়াজ ও মাইকেল অলিস। অন্যদিকে কোলনের একমাত্র গোলটি করেন রাগনার।

ম্যাচ শেষে হ্যারি কেইনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘মজার বিষয় হলো, খেলা শেষে আমি জানতে চাইলাম হ্যারি আজ গোল করেছে কিনা — তখন বলা হলো, সে দুটি গোল করেছে! ওর অবদান এতটাই সর্বত্র যে অনেক সময় গোলটাও চোখে পড়ে না!’

শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করা দলগুলো: ডর্টমুন্ড, আরবি লাইপজিগ, হার্থা বার্লিন, হামবুর্গ, সেন্ট পাউলি, মুনশেনগ্লাডবাখ, ফ্রাইবুর্গ, ইউনিয়ন বার্লিন, কাইজার্সলাউটার্ন, মাগডেবুর্গ, হোলস্টেইন কিল ও বোখুম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত