চট্টগ্রামে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সাবেক শিক্ষার্থী জোবায়েদ ইবনে শাহাদাতের ওপর হামলায় জড়িত পুলিশ কর্মকর্তার শাস্তি ও সুষ্ঠু বিচার চেয়ে সিএমপি কমিশনারকে স্মারকলিপি দেওয়া হয়েছে। ঘটনার তিন সপ্তাহেও দোষী পুলিশ কর্মকর্তার শাস্তি না হওয়ায় স্মারকলিপিতে ক্ষোভ করা হয়। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী কর্মকর্তার শাস্তির দাবি জানানো হয়।
পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা) এর পক্ষ থেকে বৃহস্পতিবার এ স্মারকলিপি প্রদান করা হয়। পুলিশ কমিশনারের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির তা গ্রহণ করেন।
স্মারকলিপিতে বলা হয়, ১২ অক্টোবর খুলশী থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে সিএমপি উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামের হামালার শিকর হন সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাত।
এসময় তাঁকে হেনস্থা ও শারীরিক নির্যাতন করা হয়। এ ঘটনায় সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্ত কমিটি গঠন ও ন্যায়বিচারের আশ্বাসের তিন সপ্তাহ পার হলেও অভিযুক্ত কর্মকর্তার বিরূদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা সাংবাদিক সমাজে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।
স্মারকলিপি প্রদানকালে পিজা’র সভাপতি ইমরান বিন ছবুর, সাধারণ সম্পাদক সারোয়ার আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পিজা নেতৃবৃন্দ বলেন, “আমরা সিএমপি কমিশনার বরাবর স্মারকলিপি দিয়ে দ্রুত সময়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী কর্মকর্তার শাস্তির দাবি জানিয়েছি। আশা করছি পুলিশ প্রশাসন দ্রুত দোষী কর্মকর্তার বিরূদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
সোনার দাম ভরিতে ৮৯০০ টাকা বেড়ে পরদিন কমল ২৬১৩