ফরিদপুরের বোয়ালমারীতে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে দলটির একাংশ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওয়াপদার মোড় এলাকায় মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, গত ২৩ অক্টোবর রাতে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্যের দুটি নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই সামসুদ্দিন মিয়া ঝুনু নেতৃত্বাধীন অংশটি এর বিরোধিতা করে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর–১ আসনে (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) বিএনপির দুটি সক্রিয় গ্রুপ রয়েছে। একটি নেতৃত্ব দিচ্ছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, অন্যটির নেতৃত্বে আছেন সাবেক ছাত্রনেতা সামসুদ্দিন মিয়া ঝুনু। উভয়ই ওই আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশী।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঘোষিত কমিটিতে বিএনপি-ঘেঁষা নয় এমন কিছু ব্যক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত ও নির্যাতন সহ্য করা ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। তারা বলেন, “এই কমিটি দলবিরোধীদের পুরস্কৃত করেছে, অথচ প্রকৃত কর্মীরা বঞ্চিত।”
একই সঙ্গে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন, কমিটি বাতিল না হলে ফরিদপুর–১ আসনের সব সড়ক বন্ধ করে দেওয়া হবে।
বক্তারা আরও অভিযোগ করেন, “খন্দকার নাসিরুল ইসলাম আওয়ামী লীগের প্রভাবশালী মহলের সঙ্গে অর্থনৈতিক লেনদেন করে দলের পদ বণ্টন করেছেন, যা দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।”
অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন মিলু মিয়া, সহসভাপতি ডা. আব্দুস সবুর, পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মুকুল, রইসুল ইসলাম পলাশ, মফিজুর কাদের খান মিল্টনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী ‘পাঁয়তারা শাহিন’ গ্রেপ্তার