রায়গঞ্জে চাকরির শেষ কর্মদিবসেই প্রধান শিক্ষকের আকস্মিক মৃত্যু

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১১:৫৯ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম (৬০) চাকরির শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেছেন। 

তিনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুরা এলাকার বাসিন্দা। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল তাঁর চাকরি জীবনের শেষ কর্মদিবস। বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, “তিনি ছিলেন একজন সৎ ও শান্ত স্বভাবের শিক্ষক। তাঁর মৃত্যু আমাদের জন্য গভীর শোকের।”

রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বেলাল হোসেন বলেন, “মোঃ ফজলুল করিম একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। চাকরির শেষ দিনে তাঁর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। শিক্ষা পরিবার একজন ভালো মানুষকে হারালো।”

তাঁর এই মৃত্যুতে রায়গঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত