জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি বাতিল

কৃতজ্ঞতা জানাল বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:১১ পিএম

গত ২৯ অক্টোবর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ‘জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি’ বাতিল করায় প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।

শুক্রবার ফোরামের সভাপতি মো. আব্দুল খালেকের স্বাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটা বলা হয়েছে।

এতে বলা হয়, প্রশাসনের শীর্ষ পর্যায়ের কতিপয় উপদেষ্টা ও কর্মকর্তা অসৎ উদ্দেশ্যে ‘রুলস অব বিজনেস’ এর ব্যত্যয় ঘটিয়ে সরকারকে বিভ্রান্ত করে সম্পূর্ণ বেআইনীভাবে উক্ত কমিটি গঠন করে প্রশাসনে নৈরাজ্য সৃষ্টি করে। এই কমিটির মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক দলের অনুসারী কর্মকর্তাদের সচিবসহ বিভিন্ন উচ্চতর পদে পদোন্নতি প্রদান করে প্রশাসনের ভারসাম্য নষ্ট করা হয়েছে।

এছাড়াও বিশেষ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে জনপ্রশাসনে আওয়ামী দোসর কর্মকর্তাদেরকে সুরক্ষা প্রদান, জেলা প্রশাসকসহ উচ্চতর পদে পদোন্নতি ও পদায়ন করে জনমনে গোটা প্রশাসন সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করেছে।

আরও বলা হয়, আমাদের জোর দাবি শুধু কমিটি বাতিল নয় বরং জনপ্রশাসনকে অকার্যকর ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিগত এক বছর যে সকল উপদেষ্টা ও কর্মকর্তা জড়িত তাদেরকে এবং যে সকল কর্মকর্তার বিষয়ে দুর্নীতির অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ঐ সকল বিষয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশনের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত পূর্বক দোষীদেরকে জবাবদিহীতার আওতায় আনতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত