নিখোঁজ সুদামের জাতীয়তা নিশ্চিত, ভারতে ফেরাতে সরকারি উদ্যোগ

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১২:২২ পিএম

ভারতের ময়ূরভঞ্জ জেলার কালেক্টর হেমা কান্তা সাই বাংলাদেশের ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। এতে মানসিক ভারসাম্যহীন সুদাম হেমব্রামের ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করা হয়েছে। ময়ূরভঞ্জ জেলার জগন্নাথপুরের বাসিন্দা সুদামকে গত ২০ অক্টোবর বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার গোদাগাড়ি থেকে এক সমাজকর্মী উদ্ধার করেন।

প্রায় এক দশক নিখোঁজ ছিলেন সুদাম। টাইমস অফ ইন্ডিয়া তাঁর সন্ধান পাওয়ার খবর প্রকাশের পর ওডিশা সরকার তাঁকে ফিরিয়ে আনার  উদ্যোগ নেয়। ময়ূরভঞ্জ জেলার কালেক্টর বাংলাদেশের ঢাকায় ভারতীয় হাইকমিশনের কল্যাণ কুমার হালদারকে বুধবার এক চিঠিতে জানান, ময়ূরভঞ্জের এসপি, তহশিলদার ও বাদাসাহির ব্লক উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে সুদামের জাতীয়তা ও পরিচয় নিশ্চিত করা হয়েছে।

কালেক্টর ওই চিঠিতে আরও বলেন, সুদাম ভারতীয় নাগরিক এবং ময়ূরভঞ্জ জেলার বাদাসাহি থানার জগন্নাথপুরের বাসিন্দা। আগে তাঁকে ভোটার পরিচয়পত্রও (ইপিআইসি) দেওয়া হয়েছিল। চিঠিতে বলা হয়, ‘ময়ূরভঞ্জ এসপির কাছ থেকে প্রাপ্ত পুলিশ রিপোর্টের একটি কপি ঢাকায় হাইকমিশনে পাঠানো হয়েছে।’

কলকাতার সমাজকর্মী উৎপল রায় ই-মেইলের মাধ্যমে ভারত ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, সুদামের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে দুদেশের সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার অপেক্ষায় আছেন।

উৎপল রায় আরও বলেন, ‘ওডিশা সরকারের সহায়তায় আমরা পরিবারের সদস্যদের বাংলাদেশের সীমান্তে নিয়ে গিয়ে সুদামকে গ্রহণ করব। এই প্রক্রিয়ায় সুদামের আত্মীয়দের কলকাতায় উৎকল ভবনে থাকার ব্যবস্থা করতে আমরা ওডিশা সরকারের কাছে অনুরোধ জানিয়েছি।’

গত ২০ অক্টোবর বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার গোদাগাড়ি রেলস্টেশন থেকে মুমূর্ষু সুদামকে উদ্ধার করেন বাংলাদেশের সমাজকর্মী মো. আবদুল গনি ফিটু। চিকিৎসার পর আবদুল গনি সুদামের কাছ থেকে কিছু সূত্র পান এবং ভারত ও বাংলাদেশের হ্যাম রেডিও ক্লাবের মাধ্যমে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।

সুদামের ভাগ্নে সুভাষ চন্দ্র হেমব্রাম নিখোঁজ সুদামকে চিনতে পারেন। মঙ্গলবার টাইমস অফ ইন্ডিয়া সুদামের গল্প প্রকাশ করে। বুধবার জেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ সুদামের পরিচয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদন্তে নামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত