বিএনপি অভিযোগ করেছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকলের মাধ্যমে একটি বানোয়াট ভিডিও সম্প্রতি গণমাধ্যমে প্রচার করা হয়েছে। দলটি এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণ ও দলের নেতাকর্মীদের সতর্ক করেছে।
গতকাল শনিবার (০১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পুরোনো সংবাদ সম্মেলনের ছবি ও বক্তব্য এডিট করে বা কেউ কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিবের কণ্ঠ নকল করে একটি অসত্য ভিডিও তৈরি করা হয়েছে। ভিডিওটিতে মহাসচিবের কথার সঙ্গে যুক্ত করা হয়েছে যে, তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করছেন। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে কিছু কুচক্রী মহল মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে এ ধরনের কাল্পনিক ভিডিও প্রচার করেছে। দেশের জনগণ, দলের নেতাকর্মী এবং এমপি মনোনয়নপ্রত্যাশীদের এ ধরনের এডিটকৃত ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য বিএনপি আহ্বান জানাচ্ছে।
তত্ত্বাবধায়ক বাতিলের রায়ে দেশে রাজনৈতিক সংকটের শুরু