গণভোট নিয়ে বিএনপির অবস্থানকে সমর্থন জানাল ৪ দল

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

গণভোট নিয়ে বিএনপির সংবিধানসম্মত অবস্থানকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ মুসলীম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি ও জাগপা । রবিবার এক বিবৃতিতে তারা এ সমর্থন জানায়।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জাতিকে রাজনৈতিকভাবে বিভক্ত করে ফেলেছে। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠানের নিমিত্তে কোন সাংবিধানিক সংস্কার আদেশ জারির এখতিয়ার বর্তমান সরকারের নেই। এর এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতির। এ প্রসঙ্গে বিএনপির সংবিধানসম্মত অবস্থান আমরা সমর্থন করছি। যদিও অন্তর্বর্তী সরকারের প্রতি এই দলের অতি আস্থা বর্তমান সংকটের অন্যতম কারণ।

বিবৃতিতে স্বাক্ষর করেন জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, মহাসচিব শওকত মাহমুদ, বাংলাদেশ মুসলীম লীগের সভাপতি মহসীন রশিদ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু, জাগপার সভাপতি মহিউদ্দিন বাবলু। 

নেতৃবৃন্দ উল্লেখ করেন, ঐকমত্য কমিশনের বিতর্কিত প্রস্তাব অন্তর্বর্তী সরকারেরই প্রস্তাব। কমিশনের রিপোর্টে সরকার প্রধানের স্বাক্ষর রয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ মত প্রকাশ করেন, যেহেতু এই সরকার প্রস্তাবাবলির পক্ষে গণভোট এবং তাতে ‘হ্যাঁ’ সূচক মতামত প্রত্যাশী, সেহেতু এই অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ ভোট আয়োজন কতখানি সুষ্ঠু হবে, ভেবে দেখা প্রয়োজন। একই সঙ্গে মনে রাখতে হবে, বর্তমান অন্তর্বর্তী বা অস্থায়ী সরকারের নিরপেক্ষতা নিয়ে সব রাজনৈতিক মহলই প্রশ্ন তুলেছে। বিএনপি প্রস্তাব দিয়েছে একে কেয়ারটেকার বা নির্বাচনী সরকারের আদলে ফিরে যেতে। কিন্তু ড. ইউনুসের উপদেষ্টা পরিষদ দৃশ্যত তাতে অসম্মতি জানিয়ে বলেছে, এই সরকারই নির্বাচন পর্যন্ত থাকবে।

বিবৃতিতে বলা হয়, যদিও বাছাই করা মুষ্টিমেয় দলের সম্মতিতে জুলাই সনদ সই হয়েছে, তবু এর রাজনৈতিক মূল্য অপরিসীম। এই দলিলই যথেষ্ট ভবিষ্যতের সংসদ ও সরকারকে মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের আলোকে সংবিধান সংস্কার ও দেশ গঠনের জন্য। এর বাস্তবায়নে অনির্বাচিতদের ডিকটেশন কু-নজির সৃষ্টি করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত