গণভোটের আদেশ চুপ্পু নয়, ড. ইউনূসকেই দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে তা অবশ্যই ড. মুহাম্মদ ইউনূসকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘এখন যদি এই আদেশ চুপ্পুর কাছ থেকে নিতে হয়, তাহলে তা হবে বিপ্লবের কফিনে শেষ পেরেক।’

রবিবার (২ নভেম্বর) বিকালে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আমরা তিনশ আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। যেন একটি গুণগত, কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে পারি তার জন্য রাজনৈতিক দলগুলোর বড় দায়িত্ব রয়েছে।’

শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, ‘শাপলা প্রতীক কেনো দিবে না, তার ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন। ফলে এই কমিশন নিয়ে সংশয় তৈরি হয়েছে; নির্বাচনে কোনো অনিয়ম হলে তখনও কি তারা তার ব্যাখ্যা দেবে?’

সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত