দক্ষিণী চলচ্চিত্রের বহুল চর্চিত অভিনেত্রী নায়িকা কিয়ারা আদভানি। ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে নেটিজেনদের কাছে খুব সহজেই আলোচনায় এসেছেন কিয়ারা। ফ্যাশন সেন্সের জন্যও সবসময় আলোচনায় থাকেন তিনি। বছরের শেষে নতুন চমক বলিউডের ‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীর বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই চলছিল বায়োপিকটির নির্মাণের পরিকল্পনা। পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় এই ছবি নিয়ে দর্শক মহলে একটু একটু করে বেড়েছে উন্মাদনার পারদ। যতবারই এই ছবি তৈরি কথা উঠেছে, ততবারই প্রশ্ন উঠেছে মীনা কুমারী চরিত্রে কে অভিনয় করবেন? এই বিষয়ে বারবার উঠে এসেছে কিয়ারার নাম।
এবার শোনা যাচ্ছে, নায়িকা নাকি এই ছবির জন্যও চুক্তির কাজটিও সেরে ফেলেছেন। চলতি বছরে জুলাইয়ে মা হয়েছেন কিয়ারা। আর সেই কারণেই কাজ থেকে বেশ কিছুটা সময় বিরতি নিয়েছিলেন। তাই কিয়ারার বদলে সেই চরিত্রে অন্য কোনো অভিনেত্রীকে দেখা যাবে বলেও গুঞ্জন শোনা গিয়েছিল। এবার সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সব জল্পনার অবসান ঘটিয়ে নাকি নায়িকা ফিরছেন স্বমহিমায়। সেদিক থেকে বলতে হয়, মা হওয়ার পর সিদ্ধার্থঘরণীর এটিই হতে চলেছে প্রথম ছবি। যদিও ছবির টিম বা নায়িকার তরফে এই বিষয়ে কোনো সিলমোহর দেওয়া হয়নি। তবে সব ঠিক থাকলে নাকি নতুন বছরের শুরুতেই হবে ছবির শুটিং।
সারেগামাপা এবং আমরোহী পরিবারের সঙ্গে হাত মিলিয়ে বিগ বাজেটের ছবি তৈরি করতে চলেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কমল সাহেব ও মীনা কুমারীর মধ্যে আদান-প্রদান হওয়া প্রায় পাঁচশ চিঠির ওপর ভিত্তি করেই তৈরি হবে এই বায়োপিক। তাই এই ছবি নির্মাণের দায়িত্ব কয়েকশ গুণ। মীনা কুমারীর প্রাক্তন স্বামী তথা পরিচালক কমল আমরোহীর চরিত্রে কাকে দেখা যাবে তা যদিও এখন জানা যায়নি। মীনার জীবনের যন্ত্রণার দিকটি তুলে ধরার জন্য খুব ভেবেচিন্তে অভিনেতা বাছাইয়ের পথে হাঁটছেন পরিচালক। ক্যামেরার সামনে এক্ষেত্রে কিয়ারার সঙ্গে কার রসায়ন দর্শকদের মনে দাগ কাটবে, সেসব ভেবেই অভিনেতা বাছবেন তিনি।
