জোড়া গোল করে হালান্ডের রোবট ডান্স উদযাপন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০১:৪২ এএম

ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড আবারও আলোচনায়। রবিবার বর্নমাউথের বিপক্ষে ম্যাচে গোল করার পর তিনি করলেন এক নতুন উদ্‌যাপন—যা দেখে দর্শকরাও হাসিতে ফেটে পড়েছেন।

খেলার ১৭ মিনিটেই রায়ান শেরকির হেড পাস থেকে বল পেয়ে হাল্যান্ড ডিফেন্ডারদের পেছনে ফেলে জালে পাঠান নিখুঁত শট। গোল করার পর তিনি হঠাৎ থেমে গিয়ে করলেন “রোবট নাচ”—যা একসময় ইংলিশ ফুটবলের কিংবদন্তি স্ট্রাইকার পিটার ক্রাউচের স্বাক্ষর উদ্‌যাপন ছিল।

ভক্তরা সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। কেউ লিখেছেন, “হাল্যান্ড রোবট ডান্স করলো, দারুণ লাগছে!” আরেকজন মজা করে বলেন, “একজন রোবট ফরোয়ার্ডের উপযুক্ত সেলিব্রেশনই তো রোবট ডান্স!”

পিটার ক্রাউচ নিজেও প্রতিক্রিয়া দিতে ভোলেননি। এক্স-এ তিনি লিখেছেন, “I walked so they could run” — অর্থাৎ, “আমি হাঁটলাম, যাতে তারা দৌড়াতে পারে।”

এরপর বর্নমাউথ সমতা ফেরালেও শেরকির পাসে হাল্যান্ড আবারও গোল করে সিটি’কে এগিয়ে দেন। তবে এবার তিনি রোবট ডান্স করেননি, যা দেখে কিছু ভক্ত হতাশ হয়েছেন।

শেষ পর্যন্ত নিকো ও’রিলি তৃতীয় গোল করে সিটির জয় নিশ্চিত করেন। পেপ গার্দিওলার দল উঠে গেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত