সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানা পুলিশ।
উদ্ধার শিশুরা হলো- তানিম আহাম্মেদ (১২), আব্দুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)। সোমবার (৩ নভেম্বর) দুপুরে ডিএমপির পাঠানো সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
শাহজাহানপুর থানা সূত্র জানায়, রবিবার (২ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার একটি অধিযাচনপত্রের ভিত্তিতে থানার একটি টিম বিকেল সাড়ে ৫টায় রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান পরিচালনা করে ওই শিশুদের উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা সিলেট থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে এসে পথ হারিয়ে ফেলে। এরপর গত ছয় দিন ধরে তারা হোটেলে হোটেলে বয় হিসেবে কাজ করছিল।
উদ্ধারের পর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
