ট্রেনের নিচে পড়ে বেঁচে ফেরা সেই জালাল মারা গেলেন হাসপাতালে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে পড়ে যাওয়া সবজি বিক্রেতা জালাল উদ্দীন বেপারী (৪৫) ঘটনার ৬ ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার সন্ধ্যায় (২ নভেম্বর) শ্রীপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে ওঠার জন্য দৌড় দিলে পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান তিনি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

নিহত জালালের বাড়ি পাশের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিরার চর বেপারি পাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত তৈয়ব আলী বেপারির ছেলে। জালাল সকালে নিজ এলাকা থেকে সবজি কিনে শ্রীপুরের বিভিন্ন মহল্লায় বিক্রি করতেন। পরে রাতের ট্রেনে বাড়ি ফিরতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ছয়টার দিকে জামালপুরগামী কমিউটার ট্রেনে ওঠার জন্য দৌড় দেন সবজি বিক্রেতা জালাল উদ্দীন। এ সময় পাশের এক নম্বর লাইনে অন্য একটি ট্রেন ক্রসিং করার জন্য দাঁড়িয়ে ছিল। পরে তিনি দ্রুত রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। কিছু না বুঝেই তিনি সোজা ট্রেনের দিকে দৌড় দেন। এতে তিনি চলন্ত ট্রেনের নিচে চলে যান। ট্রেন চলে গেলে সবাই দেখেন অলৌকিকভাবে বেঁচে যান তিনি। পরে আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নিহত জালাল উদ্দীনের বন্ধু আনসার আলী জানান, আহত অবস্থায় তাকে প্রথমে শ্রীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তিনি মরা যান।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, এমন ঘটনা শুনেছি। লোকজন দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে জানতে পারি তিনি ট্রেনের নিচে পড়ে গিয়েছিলেন। হাসপাতালে তার মৃত্যু হয় এমন খবর পেয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত