এক যুগ পর অঙ্কুশের নায়িকা শুভশ্রী!

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

২০১৪ সালে টলিউডের বক্স অফিসে সাফল্যের নজির গড়েছিল ‘আমি শুধু চেয়েছি তোমায়’ নামের একটি রোমান্টিক সিনেমা।  আর এই সিনেমার মাধ্যমে টলিউডে জুটি হিসেবে অভিষেক ঘটে অঙ্কুশ হাজরা এবং শুভশ্রী গাঙ্গুলী। নায়ক-নায়িকার রসায়ন পর্দা পেরিয়ে বাসা বেঁধে নিয়েছিল দর্শক-হৃদয়ে। তারপর ১১ বছরে আর একসঙ্গে ছবি করেননি তারা। তবু কাজের সূত্রে যে বন্ধুত্ব গড়ে উঠেছে, তা আজও অমলিন। সময়ের ধুলো সেখানে পড়ে না। সহকর্মীর জন্মদিনে আবেগের ঝাঁপি খুলে অঙ্কুশ বলেন, ‘শুভশ্রীর যেই বিষয়টা আমার সবচেয়ে বেশি লাগে, তা হলো ওর পরিশ্রম। কাজের প্রতি ওর অগাধ নিষ্ঠা। ও জীবনে অনেক সাফল্য পেয়েছে। সুপারস্টার তকমা পেয়েছে। তবু কাজ নিয়ে ওর আগ্রহ এতটুকু কমেনি। অনেকে কাজের থেকে বেশি জনপ্রিয়তা বা সুযোগ-সুবিধা পেতে বেশি আগ্রহী হয়। কিন্তু শুভশ্রী একেবারে উল্টো। ও শুধু মন দিয়ে অভিনয়টুকু করে যেতে চায়।’ 

শুভশ্রীর জন্মদিনে অঙ্কুশ জানালেন, ফের পর্দায় নায়িকার সঙ্গে জুটি বাঁধার প্রবল ইচ্ছে তার। তবে এবার তিনি চান এক অন্যধারার প্রেমের গল্পে অভিনয় করতে। অঙ্কুশের মতে, সময়ের সঙ্গে দর্শকের রুচি এবং আবেগের ভাষা বদলে গেছে। এ কারণে হিট জুটিকে ফিরতে হবে নতুন ভাবে, আরও পরিণত আবহে, যেখানে প্রেম থাকবে, কিন্তু সেই প্রেমের প্রকাশ হবে সময়ের ছোঁয়ায় আধুনিক এবং বাস্তব। নায়কের কথায়, ‘আমাদের একটা ছবির শুট হয়েছিল। ‘পাখি’। কিন্তু দুর্ভাগ্যবসত সেটা মুক্তি পায়নি। সত্যি বলতে এখন ওর সঙ্গে ছবি করলে আর ‘আমি শুধু চেয়েছি তোমায়’এর মতো ছবি করলে হবে না। কারণ দর্শকের পছন্দ বদলেছে। তারা এখন নানা ধরনের ছবি দেখে অভ্যস্ত। তাই তাদের পাতে সময়োপযোগী কিছু তুলে দিতে হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত