ফুসফুস ক্যান্সার সচেতনতায় বীকন ফার্মাসিউটিক্যালসের উদ্যোগ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩৭ এএম

ময়মনসিংহের বীকন ফ্যাক্টরি চত্বরে বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি গতকাল সোমবার (৩ নভেম্বর) ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস ২০২৫ উপলক্ষ্যে একটি বৃহৎ সচেতনতামূলক আলোচনা সভা ও প্রতীকী পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করে।

এই কর্মসূচির প্রধান লক্ষ্য ছিল কর্মকর্তা-কর্মচারীসহ সবার মধ্যে ফুসফুস ক্যান্সার বিষয়ে পর্যাপ্ত জ্ঞান সঞ্চার, এই রোগের ঝুঁকি কমিয়ে আনা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরা।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে মূল বক্তব্য পেশ করেন খ্যাতনামা ক্লিনিক্যাল অনকোলজিস্ট ডা. এ টি এম সাজ্জাদ হোসেন। ফুসফুস ক্যান্সারের বিভিন্ন ঝুঁকি সৃষ্টিকারী উপাদান, যেমন ধূমপান ও পরোক্ষ ধূমপান, পরিবেশ দূষণ এবং নির্দিষ্ট কিছু পেশাগত ঝুঁকি সম্পর্কে তিনি বিশদভাবে ব্যাখ্যা করেন। একই সঙ্গে, যদি কারো ক্রমাগত কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা শরীরের ওজন কমে যাওয়ার মতো সতর্কীকরণ লক্ষণ দেখা দেয়, তবে কালক্ষেপণ না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

ডা. সাজ্জাদ তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, ‘ফুসফুস ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণ—দুই দিকেই সচেতনতা সবচেয়ে বড় হাতিয়ার। উপসর্গকে হালকাভাবে নিলে দেরি হয়ে যেতে পারে। সময়মতো সঠিক চিকিৎসাই জীবন বাঁচাতে পারে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির অনকোলজি, বায়োটেক এবং প্যালিয়েটিভ কেয়ার বিভাগের প্রধান এস এম মাহমুদুল হক পল্লব। তিনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য গৃহীত ধারাবাহিক পদক্ষেপসমূহ তুলে ধরেন। 

তিনি বলেন, ‘নভেম্বর মাসজুড়ে আমরা ফুসফুস ক্যান্সার সচেতনতার বার্তা কর্মক্ষেত্র ও সমাজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ধূমপানমুক্ত কর্মপরিবেশ, তথ্যভিত্তিক প্রশিক্ষণ এবং সময়মতো পরামর্শ—এই তিন স্তম্ভকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।’

আলোচনা পর্ব শেষ হওয়ার পর ফ্যাক্টরির প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণে একটি প্রতীকী পতাকা কর্মসূচি আয়োজিত হয়।

বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি হলো একটি শীর্ষস্থানীয় গবেষণা-ভিত্তিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা, যারা অনকোলজিসহ বিভিন্ন চিকিৎসাক্ষেত্রে উন্নত মানের ওষুধ সরবরাহ করে আসছে। রোগী, চিকিৎসক ও বৃহত্তর জনগোষ্ঠীর জন্য তথ্যসমৃদ্ধ শিক্ষা ও সচেতনতা কার্যক্রম পরিচালনাকে প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত