জ্যোতির বিরুদ্ধে জাহানারার অভিযোগ 'ভিত্তিহীন, মনগড়া এবং সম্পূর্ণ মিথ্যা'

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম

একটি দৈনিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে, অস্ট্রেলিয়া প্রবাসী নারী ক্রিকেটার জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কিছু কর্মকান্ড নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেসব মনগড়া ও ভিত্তিহীন বলে অস্বীকার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার প্রেরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, জাহানারার এমন বক্তব্য উদ্দেশ্যমূলক।

সাক্ষাৎকারে জাহানারা বলেছেন, ‘দেখি এক জুনিয়র জ্যোতির কিটব্যাগ টেনে এক মাঠ থেকে আরেক মাঠে নিচ্ছে। জুনিয়ররাই সব সময় ওর কিটব্যাগ টানে। কতবার যে জ্যোতিকে বলতে শুনেছি, ‘এই বসে আছিস কেন? যা আমার ব্যাগ নামা।’ জুনিয়ররা আসলে করতে বাধ্য, কিছু করার নেই। সিলেটেরই আরেকটি ঘটনা বলি। দুটি ড্রেসিংরুমের একটি জুনিয়রদের জন্য বরাদ্দ। জ্যোতিকে দেখলাম, ওটায় গিয়ে জুনিয়রদের দিয়ে মাথা টেপাচ্ছে, চুলে তেল দেওয়াচ্ছে।’ 

জাহানারা আরও বলেছেন, দলের সদস্যদের শারিরীক ভাবে নিগ্রহও করেছেন জ্যোতি, ‘জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের। এই বিশ্বকাপের সময়ও জুনিয়ররা আমাকে এ রকম জানিয়েছে, ‘না বাবা, এটা আর করব না। তাহলে আবার থাপ্পড় খেতে হবে।’ কয়েকজনের কাছ থেকে জেনেছি, ‘কালকে মার খেয়েছি।’ দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাপ্পড় মেরেছে।’

নারী ওয়ানডে বিশ্বকাপ থেকে কিছুদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ দল, সম্প্রতি তাদের বেতন বাড়াবারও উদ্যোগ নিয়েছে বিসিবি, ঘোষণা করা হয়েছে নতুন বেতন কাঠামো। এমন সময়ে নারী দল নিয়ে প্রবাসে থাকা জাহানারার এমন বক্তব্যের সঙ্গে বিসিবি দ্বিমত পোষণ করছে। এই সম্পর্কে বিসিবি প্রেরিত বিবৃতিতে জানানো হয়েছে-

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দলের একজন প্রাক্তন সদস্য কর্তৃক সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যের বিষয়টি অবগত হয়েছে, যেখানে তিনি বর্তমান জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, কর্মকর্তা এবং টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন।
বিসিবি দ্ব্যর্থহীনভাবে এবং কঠোরভাবে এই অভিযোগগুলি অস্বীকার করছে, যা ভিত্তিহীন, মনগড়া এবং সম্পূর্ণ মিথ্যা। বোর্ড এই বিষয়টি দুর্ভাগ্যজনক মনে করে যে এমন একটি সময়ে এই ধরনের আপত্তিকর এবং কলঙ্কজনক দাবি করা হয়েছে যখন বাংলাদেশ মহিলা দল আন্তর্জাতিক মঞ্চে প্রশংসনীয় অগ্রগতি এবং ঐক্য প্রদর্শন করছে।
বোর্ড বিশ্বাস করে যে এই মন্তব্যের সময় এবং প্রকৃতি উদ্দেশ্যমূলক, খারাপ উদ্দেশ্যপ্রণোদিত এবং দেশকে গর্বের সাথে প্রতিনিধিত্ব করে চলা একটি দলের মনোবল ও আত্মবিশ্বাস নষ্ট করার লক্ষ্যেই করা হয়েছে। এটি অত্যন্ত হতাশাজনক যে এমন একজন ব্যক্তি, যার বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিকল্পনায় কোনো সম্পৃক্ততা বা প্রাসঙ্গিকতা নেই, তিনি জনসমক্ষে এই ধরনের বিভ্রান্তিকর বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে মহিলা জাতীয় দলের নেতৃত্ব, খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের প্রতি বোর্ডের সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। বোর্ড অভিযোগগুলির সমর্থনে কোনো প্রমাণ পায়নি এবং দল ও এর সংশ্লিষ্ট কর্মীদের প্রতি দৃঢ়ভাবে সমর্থন জানাচ্ছে।

জাহানারা বাংলাদেশ নারী দলের হয়ে ৮৩টি টি-টোয়েন্টি ও ৫২টি ওয়ানডে খেলেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটিই জাতীয় দলের হয়ে তার সবশেষ উপস্থিতি। এই বছর ৩০ মার্চ তিনি জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন এবং অস্ট্রেলিয়াতে প্রবাস জীবন বেছে নিয়ে সেখানেই ক্লাব ক্রিকেট খেলছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত