সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিল করেছে সরকার। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে।
প্রাথমিক শিক্ষা উন্নয়নের অংশ হিসেবে সারাদেশের ২৫০০ ক্লাস্টারে সমসংখ্যক শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তবে সম্প্রতি সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত থেকে সরে আসে।
সচিব কমিটি মনে করে, প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি রয়েছে। এত সীমিত সংখ্যক শিক্ষক নিয়োগ দিলে প্রাথমিক শিক্ষা পর্যায়ে কার্যকর কোনও সুফল পাওয়া যাবে না, বরং এতে বৈষম্যের সৃষ্টি হবে। দেশের মোট ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশেই প্রস্তাবিত নিয়োগ বাস্তবায়ন সম্ভব নয়।
এছাড়া ক্লাস্টার ভিত্তিক নিয়োগ বাস্তবায়ন করা হলে একজন শিক্ষককে একসঙ্গে ২০টিরও বেশি বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হবে, যা বাস্তবে কার্যকর নয় বলে মত দিয়েছে সচিব কমিটি।
কমিটি আরও বলেছে, ভবিষ্যতে অর্থের সংস্থান সাপেক্ষে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত বিষয়ে পৃথক শিক্ষক পদ সৃজন এবং সেই পদে নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
