যুক্তরাষ্ট্র-ইসরায়েল ৩০ লাখ মুসলিম হত্যা করেছে: হুথি নেতা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫২ এএম

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তার মিত্ররা গত ২০ বছরে মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) ইয়েমেনে শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে হুথি নেতা এ কথা বলেন। এই অনুষ্ঠান পুরো এক সপ্তাহ ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে চলবে। খবর মেহের নিউজের।

আল-হুথি বলেন, যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয়, সেই জাতি গর্বিত এবং বিপদ প্রতিহত করতে সক্ষম। আর শাহাদাত ধ্বংস ও অপমান থেকে রক্ষা করার এক শক্তিশালী প্রাচীর। 

ইয়েমেনি এই নেতা করেন, আমেরিকানরা নিজেরাই স্বীকার করেছে গত দুই দশকে তারা প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছে। যাদের অধিকাংশই ইসলামী উম্মাহর অংশ। তারা এ হত্যাকাণ্ড চালিয়েছে এমন এক সময়, যখন মুসলিম জনগণ ছিল দুর্বল অবস্থানে।

তিনি বলেন, ইসরায়েল মানুষকে ক্ষুধার্ত রেখে ও অস্ত্রের মুখে (গাজায়) জিম্মি করে আত্মসমর্পণ করানোর চেষ্টা করে, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম জাতিগুলোকে দাসে পরিণত করার লক্ষ্যে মানসিকভাবে বিভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা অন্য দেশ দখল করেছে কেবল নিজেদের স্বার্থে সেসব জনগণকে ব্যবহার করার জন্য।

আল হুথির ভাষায়, এই অত্যাচারী শক্তিগুলোর মধ্যে কোনো দয়া-মায়া নেই, নিজেদের লক্ষ্য অর্জনের জন্য তারা যেকোনো অপরাধ করতে দ্বিধা করে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত