নেইমার আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় নেই:  গণমাধ্যম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৩২ এএম

ব্রাজিলীয় ফুটবলে হয়তো একটি যুগের অবসান ঘটতে যাচ্ছে। বিভিন্ন ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, আসন্ন ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনায় নেই নেইমার। অর্থাৎ আর কখনও বিশ্বকাপের মঞ্চে তাকে ব্রাজিল জার্সিতে দেখা না-ও যেতে পারে।

সৌদি আরবের আল-হিলাল ঘুরে বর্তমানে নিজ দেশের ক্লাব সান্তোসে খেলা এই ফরোয়ার্ড গত কয়েক বছর ধরেই চোটের সঙ্গে লড়ছেন। হাঁটুর লিগামেন্ট ছেঁড়া, ধারাবাহিক ফিটনেস সমস্যা এবং ম্যাচ-ফিটনেসের ঘাটতি তাকে বারবার মাঠের বাইরে রেখেছে। ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের হয়ে একটিও ম্যাচ খেলেননি তিনি। সান্তোসেও তিনি নিয়মিত নন।

ব্রাজিলীয় সাংবাদিক রদ্রিগো ম্যাটোসের বরাতে জানা গেছে, জাতীয় দলের নতুন পথচলায় নেইমারের জায়গা দেখছেন না কোচ কার্লো আনচেলোত্তি। ট্যাকটিক্যাল কাঠামো বদলে ৪-৩-৩ ও চলমান বিকল্প পদ্ধতিতে এগোচ্ছেন তিনি, যেখানে নেইমারের ভূমিকা নেই বলেই মনে করছেন কোচিং স্টাফ।

আরেক সাংবাদিক পেদ্রো লোপেস জানিয়েছেন, ‘আনচেলোত্তির বিশ্লেষক দল নেইমারের শারীরিক সক্ষমতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। তাদের ধারণা, বর্তমান আন্তর্জাতিক ফুটবলে যে ফিটনেসের চাহিদা, সে তুলনায় নেইমারের ফিটনেসের অবস্থা করুণ। পরবর্তী কয়েক মাসে নাটকীয় উন্নতি না ঘটলে তার বিশ্বকাপে থাকা অসম্ভব।’

 ব্রাজিল ফুটবল মহলে কেউ কেউ প্রস্তাব তুলেছিলেন বদলি বা সাপোর্টিং রোলে নেইমারকে রাখার বিষয়ে। তবে বাস্তবতা হলো—নেইমারের ব্যক্তিত্ব, মর্যাদা ও ক্যারিয়ার অবস্থান অনুসারে এমন ভূমিকা তিনি গ্রহণ করবেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।

 ২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর ব্রাজিলের আক্রমণভাগে দীর্ঘদিন সবচেয়ে বড় ভরসা হয়ে ছিলেন নেইমার। কিংবদন্তি পেলেকে ছুঁয়ে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার কীর্তি গড়েছেন। তবুও বিশ্বকাপ জয়ের স্বপ্ন তার পূরণ হয়নি। ২০২৬ বিশ্বকাপ তারা জন্য আরেকটি সুযোগ হতে পারত, কিন্তু সময়, ভাগ্য এবং চোট—সবই যেন দাঁড়িয়েছে তার বিপরীতে।

সব মিলিয়ে মনে হচ্ছে, ব্রাজিল জার্সিতে নেইমারের বিশ্বকাপ গল্পটি এখানেই শেষ। মাঠে না হলেও স্মরণীয় হয়ে থাকবেন তিনি—এক প্রজন্মকে স্বপ্ন দেখানো শিল্পী ফুটবলার হিসেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত