ধর্মীয় অবমাননার দায়ে শেকৃবি শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ধনীশ্রী রায় নামে এক শিক্ষার্থীকে চলমান সেমিস্টার থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আবাসিক হল থেকেও আজীবন নিষিদ্ধ করা হয়।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অভিযুক্ত ধনীশ্রী রায় বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগে স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারে শিক্ষার্থী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে স্নাতকোত্তর পর্যায়ে দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থী ধনীশ্রী রায়,গত ২৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পোস্ট করায় তদন্ত কমিটির সুপারিশে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হলো। একই সঙ্গে  ধনীশ্রী রায়কে চলমান সেমিস্টারের শিক্ষা কার্যক্রম থেকে বহিস্কার করা হলো।

গত ২৫ অক্টোবর শনিবার রাতে ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে একদল শিক্ষার্থী। এ সময় তারা কটূক্তিকারীর বহিষ্কার দাবি করেন। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেওয়ার পর প্রশাসনের আশ্বাসে স্থান ত্যাগ করে শিক্ষার্থীরা।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত