আজ বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১০:০৫ এএম

আমেরিকান বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর ও অ্যাকশন ঘরানার সিনেমা 'প্রিডেটর: ব্যাডল্যান্ডস' আসছে দেশের প্রেক্ষাগৃহে। এটি 'প্রিডেটর' ফ্র্যাঞ্চাইজির নবম কিস্তি।

আজ ৭ নভেম্বর শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পাবে। ড্যান ট্রাখটেনবার্গ পরিচালিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী ইলে ফ্যানিং এবং নিউজিল্যান্ডের অভিনেতা ডিমিট্রিয়াস শুস্টার কোলোমাটাঙ্গি।

`প্রিডেটর’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল ১৯৮৭ সালে। হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগার ছিলেন প্রথম কিস্তির নায়ক। দর্শকদের ব্যাপক সাড়ায় দারুণ সাফল্য পায় ছবিটি।

এরপর প্রায় চার দশকজুড়ে  একে একে এই ফ্র্যাঞ্চাইজি দর্শকদের উপহার দিয়েছে আরও সাতটি সিনেমা; যার মধ্যে রয়েছে ‘প্রিডেটর ২’ (১৯৯০), ‘এলিয়েন ভার্সেস প্রিডেটর’ (২০০৪), ‘এভিপি: রিকুইয়েম’ (২০০৭), ‘প্রিডেটরস’ (২০১০), ‘দ্য প্রিডেটর’ (২০১৮) এবং ২০২২ সালে ‘প্রেই’।

প্রিডেটর হচ্ছে এক ধরনের ভয়ংকর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণী। যারা প্রযুক্তিতে মানুষদের চেয়ে অনেক অনেক এগিয়ে। বিভিন্ন সময় তারা বিভিন্ন গ্রহে গিয়ে একটি প্রতিযোগিতামূলক শিকার করার খেলায় অংশ নেয়। শিকার করার এই খেলা মূলত প্রিডেটরদের যোদ্ধা হিসেবে সম্মাননার স্বীকৃতি পাওয়ার একটি অনুষ্ঠান।

একটা নির্দিষ্ট সময় পরপর প্রিডেটরদের কোনো একজন সদস্য স্বীকৃতি পাওয়ার এই শিকার করার খেলায় নামে। তারা মানুষসহ অন্যান্য বিপজ্জনক প্রাণীকে শিকার করে। শিকার করা প্রাণীটিকে হত্যা করে তার শিরদাঁড়াসহ মাথার খুলিটি পুরস্কার হিসেবে নিজেদের কাছে রেখে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত