বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির অভিযোগ তুলেছেন একাধিক সাবেক কর্মকর্তা ও কোচিং স্টাফের বিরুদ্ধে। তাঁর অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)) তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে বিসিবি জানায়, অভিযোগের সংবেদনশীলতা বিবেচনা করে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।
বিসিবির বিবৃতিতে বলা হয়, "জাতীয় নারী দলের এক সাবেক সদস্যের করা অভিযোগে দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির অসদাচরণের বিষয় উল্লেখ রয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
জাহানারার অভিযোগ
একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাঁকে যৌন হয়রানি করেছিলেন। তিনি আরও দাবি করেন, তাঁর ক্যারিয়ার ‘ধ্বংস করে দেওয়ার পেছনে’ জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন কোচিং স্টাফ ও খেলোয়াড় জড়িত ছিলেন।
এর আগে সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া আরেক সাক্ষাৎকারে জাহানারা বলেন, ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ চলাকালে এক সাবেক নির্বাচক তাঁকে অশালীন প্রশ্ন করেছিলেন। তিনি এই বিষয়ে সাবেক পরিচালক শফিউল ইসলাম নাদেল এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে অবহিত করেছিলেন বলেও জানিয়েছেন।
ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জাহানারার পাশে থাকার আশ্বাস দিয়েছে। এক বিবৃতিতে কোয়াব বলেছে,“কোনো আশ্বাস বা দীর্ঘসূত্রতা নয়, আমরা চাই দ্রুত তদন্ত সম্পন্ন হোক এবং কেউ দায়ী প্রমাণিত হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।”
কোয়াব আরও দাবি করেছে, নারী ক্রিকেটে জাতীয় দল থেকে শুরু করে সব পর্যায়ে এমন অভিযোগগুলো গভীরভাবে তদন্ত করা উচিত।
এর আগেও জাহানারা এক সাক্ষাৎকারে অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে সহখেলোয়াড়দের শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন, যা বিসিবি তখন “ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করে।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাহানারার। বাংলাদেশের হয়ে তিনি ১৩৫টি ম্যাচে ১০৮ উইকেট নিয়েছেন এবং একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ভারতের উইমেনস টি২০ চ্যালেঞ্জ ও ফেয়ারব্রেক ইনভাইটেশনাল টি২০-তে অংশ নিয়েছেন।
বর্তমানে জাহানারা অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।
সাহসী জাহানারা বললেন ‘আজ একটু হালকা লাগছে’