সাভারে ইফতেখারুজ্জামান

পরমতসহিষ্ণুতা রাজনীতিতে নেই

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:২২ এএম

পরমত-সহিষ্ণুতা, সহমর্মিতা, অন্যের অভিমত ও অধিকারের প্রতি শ্রদ্ধাশীলতা এবং পারস্পরিক সম্মান প্রদর্শনের মাধ্যমে দ্বিমত থাকলে যুক্তির ভিত্তিতে তা খণ্ডন করাই বিতর্কের মূল মূল্যবোধ। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই গুণগুলো প্রায় সম্পূর্ণ অনুপস্থিত বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

গতকাল শুক্রবার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে টিআইবি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সংস্থাটির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সারা দেশের ৩২টি বিতর্ক দল এবং প্রতিযোগিতার বিচারকমণ্ডলী এ সময় উপস্থিত ছিলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বিতর্ক আমাদের সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, জাতি-ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই সমান এই বোধে উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়। নিজের মতামত ও বক্তব্য উপস্থাপনের পাশাপাশি অন্যের তো শোনার ধৈর্য ও মানসিকতা এবং যৌক্তিকভাবে নিজের অবস্থান তুলে ধরা এগুলো বিতর্কের স্বীকৃত মূল্যবোধ। দুর্ভাগ্যবশত আমাদের সমাজ, রাষ্ট্র ও রাজনৈতিক অঙ্গনে এই মৌলিক বোধের ঘাটতি অত্যন্ত প্রকট। সুশাসন নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে এই মূল্যবোধ ধারণ ও চর্চা অব্যাহত রাখতে হবে।’

এ বছরের আয়োজনে প্রতিটি বিতর্ক দল ও বিচারক প্যানেলে কমপক্ষে একজন নারী সদস্যের বাধ্যতামূলক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘নারীর প্রতি সহিংসতার অন্যতম কারণ হলো নারী-পুরুষের সমতাবোধের চর্চার ঘাটতি। নারীর ক্ষমতায়নের পূর্বশর্ত হিসেবে সমাজ, রাষ্ট্র ও পরিবারে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে নারীর সম-অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এই প্রতিযোগিতায় নারীর সম-অধিকারের মূল্যবোধের চর্চা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে এবং বিতার্কিকরা তা ধারণ করবেন, এই প্রত্যাশা করছি।’

সর্বোপরি বিতর্কে কেউ পরাজিত হয় না, এখানে সবাই জয়ী হয়। এটি আমাদের যৌক্তিক বোধকে শানিত করার পাশাপাশি রাষ্ট্র, সমাজ ও বৈশ্বিক জ্ঞান ও ধারণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।

তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করার জন্য সারা দেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে টিআইবির এই আয়োজন উল্লেখ করে ড. জামান বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, এ ক্ষেত্রে তরুণরাই আমাদের অনুপ্রেরণা। বিতার্কিকরা নিজেরা দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ ও উৎসাহিত করবেন। আজকের এই আয়োজন প্রজন্মের সেতুবন্ধ ও মিলনমেলা, যা আমাদের জন্য গর্বের ও আনন্দের বিষয়।’

এ বছর তৃতীয়বারের মতো ৬ থেকে ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত এই আবাসিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানারআপ দলকে ৩০ হাজার এবং সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কারসহ ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে। এবারের আয়োজনের সেরা আটটি দল আগামী বছরের আয়োজনে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত