ব্রাজিল জাতীয় দলে ব্র্যাত্য হয়ে পড়ার পর নেইমারকে ঘিরে একের পর এক গুঞ্জন ছড়াচ্ছে। এবার শোনা যাচ্ছে, আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রোসারিও সেন্ট্রাল–এ যোগ দিতে পারেন নেইমার। এমন খবরে উত্তাপ ছড়াচ্ছে ফুটবল অঙ্গনে।
বর্তমানে ব্রাজিলের সান্তোস ক্লাবের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হতে চলছে দুই মাসের মধ্যে। ঠিক এই সময়েই রোসারিও সেন্ট্রালের প্রতি তার আগ্রহের বিষয়টি প্রকাশ্যে আসে। দলটিতে এখন খেলছেন নেইমারের সাবেক পিএসজি সতীর্থ ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। পিএসজিতে দু’জনে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত একসঙ্গে খেলেছেন। এই সময়ে তারাজিতেছেন চারটি লিগ ১ শিরোপাসহ মোট ১২টি ট্রফি।
রোসারিও সেন্ট্রাল ২০২৫ মৌসুমে আর্জেন্টাইন লিগের শীর্ষে অবস্থান করছে। ইতোমধ্যে তারা নিশ্চিত করেছে ২০২৬ কোপা লিবার্তাদোরেসে খেলার সুযোগও। বড় লক্ষ্যের সামনে দলটি আগামী মৌসুমে আরও শক্তিশালী স্কোয়াড গড়তে চায়— এমন অবস্থায় নেইমারের নাম উঠে আসাই স্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দলে ডি মারিয়ার পাশাপাশি আছেন তরুণ ফরোয়ার্ড আলেজো ভেলিজ, যিনি ইংলিশ ক্লাব টটেনহ্যাম থেকে ফিরে এসে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন।
যদিও রোসারিও সেন্ট্রাল বা নেইমার নিজে— কেউ এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মুখ খোলেননি, তবে লাতিন আমেরিকার ফুটবল অঙ্গনে এখন একটাই প্রশ্ন- আর্জেন্টিনার মাঠে কি ডি মারিয়া-নেইমার যুগলবন্দী কি আবার দেখা যাবে?
