ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ, ইতালি-নরওয়েকে জরিমানা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

গাজায় ইসরায়েলের দখলদারিত্ব ও হামলার প্রতিবাদে উত্তাল ছিল গত অক্টোবরের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ। ইসরায়েলের বিপক্ষে খেলা দুই প্রতিপক্ষ দেশ ইতালি ও নরওয়েকে এ কারণে আর্থিক জরিমানা গুণতে হয়েছে।

ফিফার অক্টোবর সূচিতে প্রায় সব দেশই দুটি করে ম্যাচ খেলেছে। ইউরোপীয় দেশগুলো অংশ নেয় বিশ্বকাপ বাছাইপর্বে। ইসরায়েলের দুটি ম্যাচই হয় প্রতিপক্ষের মাঠে, যেখানে দলটি বড় ব্যবধানে পরাজিত হয়। ১১ অক্টোবর ওসলোতে নরওয়ের কাছে ৫-০ গোলে এবং ১৫ অক্টোবর উদিনেতে ইতালির কাছে ৩-০ গোলে হারে তারা।

দুই ম্যাচেই নরওয়ে ও ইতালির দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভ লক্ষ্য করা যায়। ইউরোপের বিভিন্ন দেশে ইতোমধ্যে চলমান ইসরায়েল-বিরোধী আন্দোলন এবার ফুটবল মাঠেও ছড়িয়ে পড়ে। ফিফা দাবি করেছে, ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজানো সময় দুটি দেশের দর্শকরা বিঘ্ন সৃষ্টি করেছে। এ কারণে ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে ১২ হাজার ৫০০ সুইস ফ্রাঙ্ক (১৫ হাজার ৫০০ ডলার) এবং নরওয়েকে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক (১২ হাজার ৪০০ ডলার) জরিমানা করা হয়েছে।

তবে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন ও স্লোগান দেয়ার জন্য ফিফা কোনো শাস্তি দেয়নি। ইতালির বিপক্ষে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ অবস্থান নেন। তাদের হাতে থাকা ব্যানারে ইতালিয়ান ভাষায় লেখা ছিল, ‘চলুন প্রতিরোধ গড়ে তুলে জায়োনিজমকে থামাই’। এক বিক্ষোভকারী মাইক নিয়ে বলেন, ‘তোমরা কীভাবে এখনও ইসরায়েলকে খেলার অনুমোদন দিচ্ছ? একটি জায়োনিস্ট ও অপরাধী রাষ্ট্র কেন এখনও ফুটবল খেলছে?’

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের আগ্রাসনের কারণে তাদের আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার কথা ভাবছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। এ নিয়ে সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে গণভোটের আয়োজন করা হতে পারে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় নির্ধারিত সূচি মেনে ম্যাচ খেলতে বাধ্য হচ্ছেন প্রতিপক্ষ দেশগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত