কিয়েভসহ ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১১

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:২৪ এএম

ইউক্রেনজুড়ে শুক্রবার (৭ নভেম্বর) রাতজুড়ে তীব্র রুশ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। রাশিয়া এক রাতে ৪৫০টিরও বেশি বিস্ফোরকবোঝাই ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যেগুলোর বেশ কিছু রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরের জ্বালানি স্থাপনা ও আবাসিক ভবনে আঘাত হানে।

বিবিসি জানিয়েছে, দিনিপ্রো শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১২ জন। দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়াতেও তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। রাজধানী কিয়েভসহ অন্তত ২৫টি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার ফলে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, রুশ হামলায় কিয়েভ, পোলতাভা ও খারকিভ অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাতভর হামলায় দেশের বিভিন্ন এলাকায় ১১ জন নিহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, এক রাতে নিক্ষেপ করা ৪৫০টিরও বেশি ড্রোনের মধ্যে ৪০৬টি এবং ৪৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৯টি প্রতিহত করা সম্ভব হয়েছে।

তবে রাশিয়া ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, রুশ প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার রাতে ইউক্রেনের নিক্ষেপ করা ৭৯টি ড্রোন ভূপাতিত করেছে।

বিশ্লেষকদের মতে, শীত মৌসুম ঘনিয়ে আসায় ইউক্রেনের জ্বালানি খাতকে লক্ষ্য করে রাশিয়ার এই ধারাবাহিক হামলা দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে দুর্বল করে দিতে পারে। তবে ইউক্রেন বলছে, তারা প্রতিটি হামলার জবাব দিতে প্রস্তুত এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জ্বালানি অবকাঠামো পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত