ফিলিপাইনে সুপার টাইফুন ফাং-ওয়ং এর পূর্বাভাস

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:০৮ এএম

ফিলিপাইনের উপকূলের দিকে এগিয়ে আসছে স্থানীয়ভাবে উওয়ান নামে পরিচিত সুপার টাইফুন ফাং-ওয়ং।
টাইফুনের প্রস্তুতিতে ফিলিপাইনের পূর্ব ও উত্তরাঞ্চল থেকে লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আজ রবিবার (৯ অক্টোবর) ঘূর্ণিঝড়টি সুপার টাইফুনে রূপ নেয় এবং ধারণা করা হচ্ছে, রাতের মধ্যেই এটি মধ্য লুজন অঞ্চলের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে। এতে প্রবল বৃষ্টি, তীব্র ঝড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।  
  
দেশজুড়ে জারি করা হয়েছে ঝড়ের সতর্কতা সংকেত। দক্ষিণ-পূর্ব লুজনের ক্যাটানডুয়ানেস, কামারিনেস নর্তে ও কামারিনেস সুরের উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা সংকেত নম্বর পাঁচ বলবৎ করা হয়েছে। রাজধানী মেট্রো ম্যানিলা ও আশপাশের প্রদেশগুলো রয়েছে সংকেত নম্বর তিনে।

ফিলিপাইনের আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ফাং-ওয়ংয়ের স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় প্রায় একশো পঁচাশি কিলোমিটার এবং দমকা বাতাসের গতি ঘণ্টায় দুইশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে। জরুরি সেবা দল ও স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে, আর জনগণকে ঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সতর্ক থাকতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত