রেকর্ড জুটি গড়েও নিউজিল্যান্ডের কাছে হেরে গেল উইন্ডিজ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১২:০৫ পিএম

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে তো বটেই; টেস্ট খেলুড়ে কোনো দলের টি-টোয়েন্টিতে নবম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েও জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজ। নেলসনে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের ৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এতে পাঁচ ম্যাচ সিরিজে কিউইরা ২-১ ব্যবধানে এগিয়ে গেল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭৭ রান তোলে নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে খেলেন ৩৪ বলে ৫৬ রানের মারকুটে ইনিংস। মিডল অর্ডারে ঝড় তোলেন ড্যারি মিচেল। তার ব্যাট থেকে আসে ২৪ বলে ৪১ রান। শেষ ছয় ব্যাটার দুই অংকেই যেতে পারেননি! ক্যারিবিয়ানদের হয়ে ২টি করে উইকেট নেন ম্যাথু ফোর্ড এবং জেসন হোল্ডার।

রান তাড়ায় নেমে ১৩ রানেই প্রথম উইকেট হারায় উইন্ডিজ। এরপর তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। প্রথম সাত ব্যাটারের ৫জনই দুই অংকে যেতে পারেননি। শেফার্ড ও স্প্রিঙ্গার নবম উইকেট জুটিতে যোগ করেন ৭৮ রান, যাতে শেফার্ডের অবদান ৩৪ বলে ৪৯ এবং স্প্রিঙ্গার করেন ২০ বলে ৩৯ রান। তারা আউট হয়ে গেলে আর রানের হিসাব মেলাতে পারেননি বাকিরা। ৩টি করে উইকেট নেন জ্যাকব ডাফি এবং ইশ সোধি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত