সিংগাইরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০২:১৮ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা এলাকায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণ ও অর্থ-স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিযোগ উঠেছে জিসান (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর বিয়ের দাবিতে ভুক্তভোগী তরুণী রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে অভিযুক্ত প্রেমিকের বাড়িতে অনশন করছেন। 

 ভুক্তভোগী তরুণী উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে।

অভিযোগে জানা যায়, ধল্লা গ্রামের কাউছারের ছেলে জিসান প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করেন। এতে প্রতারিত হয়ে তরুণী বিয়ের দাবিতে জিসানের বাড়িতে অবস্থান ও অনশন শুরু করেন। জিসান পূর্বেও একাধিক নারীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন বলে স্থানীয়দের দাবি।   

স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, জিসানের বাবা কাউছার নিজেকে ছাত্রদল নেতা পরিচয়ে এলাকায় নানা অপকর্মে জড়িয়ে আছেন।

বিষয়টি নিয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত জিসান পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত