মাঠের জন্য প্রয়োজনে ফুটবলের সঙ্গে 'মারপিট' করবেন আসিফ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১০:২০ পিএম

পুরো দেশে ফুটবলারদের কারণে ক্রিকেট খেলা যাচ্ছে না এবং জেলা স্টেডিয়ামগুলো ফুটবল দখল করে আছে বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এমনকি প্রয়োজন পড়লে ফুটবল বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে মারপিট করে হলেও নিজেদের অধিকার আদায় করতে চান আসিফ।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী এবং বর্তমানে বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান আসিফ আজ রবিবার বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের উদ্বোধনী দিনে বক্তৃতায় এমন কথা বলেছেন।

আসিফের নিজের জেলা কুমিল্লা। সেখানে এবার লিগ হবে ম্যাটিং উইকেটে। সেই উদাহরণ তুলেই আসিফ তির ছুড়লেন ফুটবল ফেডারেশন ও ফুটবলারদের দিকে।

আসিফ বলেন, 'আমাদের বোর্ড সভাপতি আছেন এবং যারা বিভিন্নভাবে বাফুফের সঙ্গে সম্পৃক্ত, ফুটবল ক্লাবের সঙ্গে…ক্লাবের সঙ্গে জড়িত থাকলেই কিন্তু ফুটবল-ক্রিকেট-হকি, সবই হয়। আমরা যেটা বড় সমস্যার মুখোমুখি হচ্ছি, ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না, সারা দেশে। এরা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে। যে কারণে, কুমিল্লার ক্রিকেট লিগ ১২ তারিখ থেকে শুরু হবে, প্রাগৈতিহাসিক যুগের ক্রিকেট হবে, ম্যাটে। যেগুলো খেলিনি আমরা কখনও।'

তিনি সঙ্গে যোগ করেন, 'আগামী ২৪ তারিখ আবাহনী-মোহামেডান ফুটবল খেলা আছে, কুমিল্লা স্টেডিয়ামে। এই সমস্যা শুধু কুমিল্লার নয়, প্রতিটি জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেই স্টেডিয়াম অকুপাই করে রেখেছে। ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, এটা আমি সরাসরি বলতে চাই। কারণ, ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা, আভিজাত্যের খেলা এটি, এখানে অনেক নিয়মকানুন আছে, রেকর্ডের খেলা।'

বাফুফে কর্তাদের সঙ্গে বসে ব্যাপারটি সুরাহা করতে বিসিবি সভাপতিকে অনুরোধ করেন আসিফ। বয়সভিত্তিক টুর্নামেন্টসহ দেশে যত টুর্নামেন্টের পরিকল্পনা আছে, তাতে মাঠ সমস্যা সমাধানের বিকল্প দেখেন না আসিফ।

প্রয়োজনে ফুটবলের সঙ্গে লড়াইয়ে জড়াতে হলেও সেটি তিনি করতে প্রস্তুত বলে আরেক দফায় জানিয়ে আসিফ বলেন, 'ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজন একটু ভদ্র স্বাভাবিক, আভিজাত্যের ইস্যু আছে এখানে। আমার আবার একটু সমস্যা আছে। আমি আবার অত ভদ্র না। যেহেতু আমি অবসরপ্রাপ্ত ক্রিকেটার, অনেক আগের.. সুযোগ পাইনি নিজেকে ফোকাস করার… যদি ফুটবল মারমিট করে, আমিও মারপিট করব, নো প্রোবলেম…যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে। আমরা তো চাঁদা চাচ্ছি না, কিডনি চাচ্ছি না, হার্ট-চোখ চাচ্ছি না, আমরা চাচ্ছি খেলার অধিকার।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত