তামিমের দাবি— ‘বিসিবি সংশ্লিষ্ট কাউকে ছাড়া স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক’

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০১:১৫ এএম

বাংলাদেশ নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ নিয়ে আবারও মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শনিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি স্বাধীন তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।

জাহানারা আলম অভিযোগ তোলার পর যে আরও অনেকে সাহস করে মুখ খুলছেন, সেটিকে আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন তামিম। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় হতাশাও প্রকাশ করেছেন তিনি।

তামিম লিখেছেন, "জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা খুবই আশাব্যঞ্জক। কিন্তু শঙ্কার জায়গা রয়েই গেছে। এখনও জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায় থেকে কোনো কমিটি গঠন করা হয়নি কিংবা তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

বিসিবির নিজস্ব তদন্ত কমিটি নিয়ে তিনি সংশয় প্রকাশ করে আরও লিখেছেন,

“যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে, তাদের প্রায় সবাই বিসিবির উঁচু জায়গা থেকে শুরু করে নানা পদে আছে। বিসিবির তদন্ত কমিটি নিয়ে তাই নানামুখী সংশয়ের জায়গা থাকছেই।”

তিনি আরও বলেন, " দেশের ক্রিকেটে তোলপাড় পড়ে যাওয়ার পরও সরকার বা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ভীষণ দুঃখজনক। আবারও দাবি জানাচ্ছি, অতি দ্রুত যেন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না।”

তামিমের মতে, সেই কমিটিতে নারী অধিকারকর্মী, যৌন হয়রানিমূলক অপরাধ নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞ এবং মনস্তাত্ত্বিক জ্ঞানে পারদর্শী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা উচিত।

তিনি আরও লিখেছেন, "যারা মানসিক ব্যারিকেড ভেঙে মুখ খুলতে পেরেছেন, সবার প্রতি সবটুকু সম্মান জানাচ্ছি সাহসিকতার জন্য। এখনও যারা নানা সঙ্কোচে মুখ খুলতে পারছেন না, তাদেরকে বলছি, ‘ইটস নেভার টু লেট।’ আওয়াজ তুলুন, আমরা থাকব পাশে।”

শেষে তামিম বলেন, "বিসিবিতে এখন একটা স্লোগান শুনি— ‘Cricket for All’। আমার মনে হয়, এর আগে জরুরি ‘Safety for All’ নিশ্চিত করা।”

বিসিবি অভিযোগ তদন্তে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে শনিবার। বিসিবর সভাপতি বলেছেন, আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন তারা। কমিটিতে বিসিবির একমাত্র নারী পরিচালককে রাখা হয়েছে। বিসিবির এই তদন্তের প্রতি সরকারের পুরো আস্হা আছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত