সুন্দরবনে নদীতে নিখোঁজ মার্কিন নারী পর্যটকের মরদেহ উদ্ধার

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম

বাগেরহাটের মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা উল্টে নিখোঁজ যুক্তরাষ্ট্র প্রবাসী রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

নিখোঁজের দুইদিন পরে সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় রিয়ানার মরদেহ উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক পাইলট রিয়ানা আবজাল পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসে শনিবার দুপুরে ছোট একটি ইঞ্জিনচালিত নৌকায় করে করমজল পর্যটন কেন্দ্রের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ঢাংমারী খাল ও পশুর নদীর সংযোগ স্থলে পৌঁছালে প্রবল ঢেউয়ের তোড়ে নৌকটি উল্টে গেলে ১৩ জন পর্যটরে সবাই নদীতে পড়ে যান। স্থানীয়রা অন্য ১২ জন উদ্ধার করলেও রিয়ানা আবজাল নামের যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক নিখোঁজ হন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, শনিবার দুপুরে সুন্দরবনের নদীতে নৌকা ডুবিতে যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজাল নিখোঁজের পর পরই বন বিভাগের পাশাপাশি কোস্টগার্ডও উদ্ধার অভিযান শুরু করে। দুদির পর সোমবার সকালে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় রিয়ানার মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিকেলে আইনি প্রক্রিয়া শেষে নিহত রিয়ানার বাবা বিমান বাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা। রিয়ানার বাবার গ্রামের বাড়ি বরিশালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত