'এই জনপদের মানুষ দরিদ্রসীমান নিচে বসবাস করে, জীবিকার জন্য তারা সুন্দরবনে যায়। সেখানে যেয়ে তারা দস্যুদের দ্বারা আক্রান্ত হচ্ছে। আমরা চাই না, সুন্দরবনে যেয়ে এসব মানুষ ঝুঁকির মধ্যে পড়ুক। যারা সুন্দরবনে দস্যুবৃত্তি করছে তাদের কাছে যাতে বার্তাটা যেতে পারে সেজন্য সুন্দরবন নিয়ে করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে সভা করা হবে। সভার পর সুন্দরবনে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।'
আজ শনিবার বিকেলে বাগেরহাট হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সাংবাদিকদের একথা বলেন।
তিনি আরও বলেন, সুন্দরবনের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আগামীকাল প্রশাসনের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে খুব দ্রুতই সুন্দরবনে দস্যুমুক্ত করতে অভিযান চালাতে পারব এবং দস্যুদের নিয়ন্ত্রণে আনতে পারব। সেটি দৃশ্যমান হবে বলে আশা করছি।
এ সময়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান চৌধুরী, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
