ঢাকা-ময়মনসিংহে ৪ বাসে আগুন, পুড়ে মরলেন ঘুমন্ত ব্যক্তি

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

রাজধানী ঢাকা ও ময়মনসিংহে মধ্যরাতে চার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঢাকায় রাইদা পরিবহনের দুইটি ও রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তরদের আগুনে ভেতরে ঘুমন্ত অবস্থায় একজন পুড়ে মারা গেছেন। 

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে চারটি পৃথক স্থানে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ পুলিশ জানায়, উপজেলার ভালুকজান এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে আলম এশিয়া পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন ভালুকজান গ্রামের বাসিন্দা জুলহাস মিয়া (৪০)।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা তিন ব্যক্তি মাত্র তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে চলে যায়। এতে ভেতরে থাকা জুলহাস পুড়ে যান। নিহত ব্যক্তি বাসটির চালক ছিলেন বলে ধারণা করছি। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে।

এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে, রায়েরবাগে রাজধানী পরিবহনের বাসে এবং উত্তরা খালপাড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুনের খবর পায় সার্ভিস। পৃথক তিনটি আগুনের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করা হয়।

রাত একটার দিকে রায়েরবাগে, দুইটার দিকে যাত্রাবাড়ী এবং সবশেষ ভোর চারটায় সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পোড়া তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত