বিএনপির খালি রাখা ঢাকা-৯ আসনে এনসিপির তাসনিম জারা

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৯ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। সোমবার (১০ নভেম্বর) রাত ১০টায় রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মধ্যরাতে তার ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করে লিখেন, ডা. তাসনিম জারা ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মান্ডা)।

ঢাকা-৯ আসনটি গঠিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে, যা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা এলাকার অন্তর্গত। এই আসনে বিএনপি এখনো তাদের প্রার্থী ঘোষণা করেনি, অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হচ্ছেন কবির আহমদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরুর দিন থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন সম্ভাব্য প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল সহকারে দলীয় কার্যালয়ে আসছেন।

জানা গেছে, ঢাকা-১৮ আসন থেকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি ও সাভার উপজেলার একাংশ) আসনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, নরসিংদী-২ (সদরের একাংশ ও পলাশ) আসনে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ এবং কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই) আসন থেকে নির্বাচন করবেন জয়নাল আবেদীন শিশির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত