ছাত্রদলের তোপের মুখে বিকেএমইএ সভাপতি

দোসর আখ্যা দিয়ে বের করে দেওয়া হয় উদ্যোক্তা সম্মেলন থেকে

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

নারায়ণগঞ্জে নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেমকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে একটি অনুষ্ঠান থেকে বের করে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের উত্তেজিত নেতাকর্মীদের তোপের মুখে অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পুরো উদ্যোক্তা সম্মেলনটিই বন্ধ করে দেন। মঙ্গলবার ১১ নভেম্বর দুপুর ১টায় নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের একটি উদ্যোক্তা সম্মেলনে এ ঘটনা ঘটে।

দেশের তরুণ প্রজন্মকে উদ্যোক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) উদ্যোগে নারায়ণগঞ্জের বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলোত অধ্যয়নরত পাস কোর্স, অর্নাস, মাস্টার্স এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে উদ্যোক্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে একজন ব্যবসায়ী নেতা হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ এ সভাপতি মোহাম্মদ হাতেম।

অতিথি হিসেবে মোহাম্মদ হাতেম তার বক্তব্য শেষ করলে সর্বশেষ বক্তব্য দিতে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) প্রেসিডেন্ট মুহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য চলাকালীন অনুষ্ঠানের হল রুমে এসে প্রবেশ করেন তোলারাম কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দরা।

তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়ার নেতৃত্বে ছাত্রদলের কর্মীরা এসে বলেন, এখানে আওয়ামী লীগের লোক রয়েছে। এই অনুষ্ঠানে আওয়ামী লীগের লোক কিভাবে আসলো। এ সময় তারা মোহাম্মদ হাতেম এর কাছে গিয়ে তাকে অনুষ্ঠান স্থল ত্যাগ করতে বলে উত্তেজিত হতে থাকেন। উত্তেজিত ছাত্রদলের কর্মীরা বলেন, উনি জুলাই আন্দোলন চলাকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সর্বোচ্চ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। উনি কিভাবে এই অনুষ্ঠানে এলেন কে তাকে আনলো।

ছাত্রদলের উত্তেজিত কর্মীদের সাথে তর্কে না জড়িয়ে সাথে সাথে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তার পেছন পেছন ভুয়া ভুয়া বলে স্লোগান দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত