জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘আইডিয়া ফেস্ট’

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম

সমৃদ্ধ, বৈষম্যহীন ও তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘আইডিয়া ফেস্ট ২০২৫—মিনি হ্যাকাথন আসছে তোমাদের ক্যাম্পাসে’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। ইতোমধ্যেই সংগঠনটি এই কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থীরা। এই আইডিয়া ফেস্ট ও মিনি হ্যাকাথনে ১২টি দলে প্রায় ৭০ জন শিক্ষার্থী নিজেদের উদ্ভাবনী ধারণা ও সম্ভাব্য সমাধান উপস্থাপন করেন।

তরুণ অংশগ্রহণকারীরা কৃষি ও গ্রামীণ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি, যানজট ও নগরজীবন, কর্মসংস্থান ও দক্ষতাভিত্তিক শিক্ষা, স্বাস্থ্যসেবা প্রভৃতি বিষয়ে তাদের আইডিয়া তুলে ধরেন। ঢাকার আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজেও এই কর্মসূচি আয়োজিত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. সোহাগ আউয়াল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেডআরএফ-এর পরিচালক অধ্যাপক লুৎফর রহমান, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, ব্যারিস্টার মীর হেলাল, মনিটরিং কমিটির সদস্য অধ্যাপক ড. আবদুল করিম, আজীবন সদস্য সাংবাদিক শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল আহমেদ, অধ্যাপক আসলাম হোসেন ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, “একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তরুণ প্রজন্মের কর্মতৎপরতার ওপর। তরুণদের চিন্তাভাবনা কাজে লাগিয়ে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সেই লক্ষ্যেই এই ‘আইডিয়া ফেস্ট’ কর্মসূচি।”

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ ও জনগণের কল্যাণে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। বিশেষ করে করোনা মহামারির সময় ভার্চুয়াল বিজ্ঞান মেলার মতো কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্ত রাখা হয়েছিল। বর্তমানে সংগঠনের সভাপতি তারেক রহমান এবং সহসভাপতি তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

স্বাগত বক্তব্যে অধ্যাপক সোহাগ আউয়াল বলেন, “বাংলাদেশ নানা সমস্যায় জর্জরিত। এসব সঙ্কট মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে। তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে—তাদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও যোগ করেন, “তরুণরা যেন দেশের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পথ প্রস্তাব করতে পারে—এই ‘আইডিয়া ফেস্ট’-এর মূল লক্ষ্য সেটিই। আমরা চাই বৈষম্যহীন, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত