অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিল শুনানি ২৫ নভেম্বর

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিটের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী ২৫ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্ট। 

বুধবার (১২ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই মুলতবি ঘোষণা করা হয়।

দ্বিতীয় দিনের শুনানিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন। এ নিয়ে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবী মহসিন রশিদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনায় আদালতের কার্যক্রম অশান্তিপূর্ণ হয়ে ওঠে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান।

আদালত সম্পর্কে মহসিন রশিদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তার কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে। পাশাপাশি মামলার শুনানি ২৫ নভেম্বর পর্যন্ত পেছানো হয়েছে।

গত বছর ডিসেম্বরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। পরবর্তীতে হাইকোর্ট রিট খারিজ করে রায় দেন যে দেশের জনগণ বৈধতা দেয়ায়, অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন রিটকারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত