৩৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল 'সমৃদ্ধ শেরপুর-ধুনট'

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম

শেরপুর ও ধুনট উপজেলার এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩৬৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে আসিফ সিরাজ রব্বানীর সামাজিক উদ্যোগ “সমৃদ্ধ শেরপুর– ধুনট”।

শিক্ষার মানোন্নয়ন ও তরুণ প্রজন্মের মেধা ও নেতৃত্ব বিকাশে অনুপ্রেরণা সৃষ্টির লক্ষ্যে আজ বুধবার ধুনট সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্টানে সম্মাননাস্বরূপ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট অফ এক্সেলেন্স, ব্র্যান্ডেড মগ, ল্যাপটপ ব্যাগ ও নোটবুক তুলে দেওয়া হয়। ওই অঞ্চলে এ ধরনের আয়োজন এটিই প্রথম।

প্রথম ধাপে শুধুমাত্র ধুনটের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। একই ধারাবাহিকতায় শেরপুর উপজেলার সকল কৃতি শিক্ষার্থীদের নিয়ে খুব শিগগিরই আরও বড় পরিসরে আরেকটি সম্মাননা অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন আয়োজক আসিফ সিরাজ রব্বানী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজ। তিনি বলেন, পিতা হিসাবে আমি গর্বিত আমার সন্তান আসিফ সিরাজ রব্বানী মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছে।

এ সময় শেরপুর ধুনটের বিভিন্ন স্তরে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে আগামীতে ছাত্র সমাজকে সাথে নিয়ে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তিনি। এ ছাড়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি সব কিছুর আগে তাদের ভালো মানুষ হয়ে গড়ে ওঠার পরামর্শ দেন।

শিক্ষা অনুপ্রেরণামূলক সংক্ষিপ্ত বক্তব্যে "সমৃদ্ধ শেরপুর-ধুনট" সামাজিক প্রচেষ্টার মুল উদ্যোক্তা আসিফ সিরাজ রব্বানী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা স্বপ্ন দেখার সাহস দেখাও। তাহলে তোমরা জিতবে। আর তোমরা জিতলে, শেরপুর ধুনট জিতবে।’

শেরপুর ধুনটের কোনও কৃতি ছাত্র ছাত্রী টাকার অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না বলে ঘোষণা দিয়ে তিনি বলেন, তাদের উচ্চশিক্ষা চালিয়ে নেওয়ার দায়িত্ব আমার।

এ সময় তিনি স্ব স্ব ক্ষেত্রে নেতৃত্ব প্রদানের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের 'ফিউচার লিডার' হিসেবে সম্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত