চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ডেকোরেটরের কাজ করার সময় অসাবধানতার বশত পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ বোরহান উদ্দিন (২৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ বোরহান উদ্দিন চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা হাজারী বাড়ী এলাকার নুর আহমদের ছেলে।
জানা যায়, চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড হারলা এলাকায় ডেকোরেটরের কাজ করছিলেন তিনি। সে সময় অসাবধানতা বশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল আবেদীন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ চন্দনাইশ জোনাল অফিসের ডিজিএম মো. ফখর উদ্দিন জানান, অসাবধানতার বশত ডেকোরেটরের কাজ করার সময় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুর্ঘটনা ঘটেছে। সবাইকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ করছি।
