মুন্সীগঞ্জে বিএনপি প্রার্থী স্বেচ্ছায় কৃষকের ধান কেটে দিলেন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে একজন কৃষকের জমির ধান কেটে ঘরে তুলেছেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে উপজেলা কৃষকদলের আয়োজনে এই ধান কাটায় অংশ নেন সংসদ প্রার্থী। 

এ সময় ওই গ্রামের কৃষক মো. মোশাররফ খানের ৪২ শতাংশ জমির ধান ঘরে তুলে দেওয়া হয়।

অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ মো. আলমগীর, জেলা যুবদলের সদস্য এবি মঞ্জু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাঈম সহ আরও অনেকে। এছাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও ধান কাটায় অংশ নেন।

মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, “আমরা কৃষিপ্রধান দেশের মানুষ। ধান-চাল আমাদের প্রধান খাদ্য। তাই সবাইকে আরও বেশি আবাদ করতে হবে। 

নিজের কাজ নিজে করাই হলো উত্তম। অফিসের সময়ের আগেও যদি আমরা কৃষিকাজে মনোযোগ দিই, তবে দেশ আরও এগিয়ে যাবে। শ্রমের মধ্যে লজ্জার কিছু নেই। নিজের পরিশ্রমেই আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়তে পারি।”

পাথরঘাটা গ্রামের কৃষক মো. মোশাররফ খান বলেন, “বিএনপির এমপি প্রার্থী ও কৃষক দলের এই মানবিক উদ্যোগ আমাদের মতো কৃষকদের অনুপ্রাণিত করেছে। এমন সহযোগিতা অব্যাহত থাকলে কৃষকরা আরও স্বস্তিতে ফসল ঘরে তুলতে পারবেন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত