একসঙ্গে নির্বাচন ও গণভোট

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৩১ এএম

আসন্ন নির্বাচনপদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কয়েক মাস ধরে রাজনৈতিক বিতর্ক চলছে। বিশেষ করে, বিএনপি এবং জামায়াতে ইসলামী ভিন্ন অবস্থান নিয়েছে। বিএনপি বলেছে, নির্বাচনের দিনই গণভোট হতে পারে। আবার জামায়াতে ইসলামীর কথা নির্বাচনের আগেই গণভোটের স্বীকৃতি এবং আইনি ভিত্তি থাকতে হবে। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। সংসদ হবে দুই কক্ষের। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।’ কিন্তু বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে নোট অব ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত। এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই।’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের অভিপ্রায় ও গণদাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষণা দিয়েছে সরকার। এই নেতা বলেন, সংবিধান সংস্কারসহ অন্যান্য সংস্কার বিষয়ে যে ৪৮টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো জাতীয় নির্বাচনের আগে জাতিকে জানাতে হবে। ভোটাররা সে বিষয়ে জানার পরই গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ মতামত দেবেন। কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে একজন ভোটারকে গণভোট এবং প্রতীকে জাতীয় নির্বাচনের ভোট দিতে হবে। এটি একটি সংকট তৈরি করবে। এর বাইরে তিনি বলেছেন, ‘শেখ হাসিনা ভারতে দেশের সব মিডিয়া ব্যবহার করে বাংলাদেশের প্রধান উপদেষ্টাসহ সবাইকে হুমকি দিচ্ছে, তাতে আমরা বিস্মিত। যারা অন্যায় অপরাধ করেছে, জাতি তাদের আর কখনো গ্রহণ করবে না। তাদের মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে।’ বিভিন্ন মৌলিক ইস্যুতে জাতিকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। গতকাল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে গেজেট প্রকাশ হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুসারে গণভোট হবে। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫-এর ৩-এ বলা হয়েছে, জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটে উপস্থাপন করা হবে।

দেখা যাচ্ছে, নির্বাচন পদ্ধতি এবং গণভোটের সময়সীমা নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব থেকেই গেল। কিন্তু সরকার একটি পরিষ্কার পথ অবলম্বন করেছে। তবু এর ফলে জটিলতা আরও বাড়তে পারে। কারণ সামনের দিনগুলোয় এ বিষয়ে রাজনৈতিক অঙ্গন যে উত্তপ্ত হবে তা অনেকটা নিশ্চিত। তবে আসন্ন নির্বাচন জটিলতামুক্ত এবং সর্বদলীয় সম্মতি ছাড়া কোনোভাবেই শান্তিপূর্ণ হবে না। এ বিষয়ে আর কোনো মতভিন্নতা কেউ আশা করে না। যেহেতু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি পদ্ধতি এবং নিয়মাবলি সুস্পষ্টভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন, সেহেতু তার অন্যথা করা উচিত হবে না। সুতরাং এখন নির্বাচনপদ্ধতি এবং জুলাই সনদ নিয়ে কোনো রাজনৈতিক বিতর্ক হলে, তা বর্তমান সরকারকে বিব্রত করবে। সেই মুহূর্তে যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনার পটভূমি তৈরি হতে পারে। প্রধান উপদেষ্টা তার ভাষণেই সব আভাস দিয়েছেন। এরপর আর কোনো দ্বন্দ্ব থাকা ঠিক হবে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত