চট্টগ্রামের ফটিকছড়িকে আব্দুল্লাহ আল মাসুদ নামে এক যুবককে ঘরের ছাদে ডেকে নিয়ে লোহার রড ও লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায তিনি মারা যান। গত ১২ নভেম্বর রাত ১টার দিকে পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের উত্তর ধুরুং এলাকার ওমদা মিয়া বাপের বাড়ির ছাদে মারধরের ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল মাসুদ (৩২) ওই এলাকার বাসিন্দা ও পেশায় ইলেকট্রিশিয়ান।
এব্যাপারে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মাজহার বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে নিহত ও হত্যাকারীদের মধ্যে মাদক সেবন সংক্রান্ত বিরোধের জেরে উভয়ের মধ্যে মারামারিতে মাসুদ গুরুতর আহত হন এবং পরে মারা যান।
নিহতের ভাই জানান, মাসুদ পেশায় একজন ইলেকট্রিশিয়ান। ঘটনার রাতে মুনাফখীল মাদরাসা থেকে ফেরার পথে ওসমান তাকে কৌশলে ডেকে নেয়। এরপর পূর্বপরিকল্পিতভাবে অন্যরা লোহার রড, বাঁশের লাঠি ও কাঠ দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে বাড়ির সামনে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায বৃহস্পতিবার রাত ১১টার দিকে মারা যায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল্লাহ আল রাশেদ বাদী হয়ে মো. ওসমান ও মো. আফাজ উদ্দিনসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। এঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
